
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে দেশটির বাহদাহ (বাঁধা) শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেন বাহদাহ শহরের ‘আল জাহারাইন’ কোম্পানির অধীনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাতে ডিউটি চলাকালীন নাস্তা শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা তোফায়েলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তোফায়েলের সঙ্গে থাকা এক বাংলাদেশি সহকর্মী প্রথমে দেশে তার পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তোফায়েলের বড় ভাই মাসুদ রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মাসুদ রানা বলেন, আমরা জানতে পেরেছি এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
এদিকে তোফায়েলের এই আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়-স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।



