
‘সৌদি কর্মকর্তারাই খাশোগিকে হত্যা করেছেন’
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কর্মকর্তারাই যে সাংবাদিক জামাল খাসোগজিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি ।
জাতিসংঘের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, তুরস্কের তদন্ত করার উদ্যোগে সবসময় বাধা দেয়ার চেষ্টা করেছে সৌদি আরব।
সৌদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাসোগজি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়।
প্রথমদিকে সৌদি আরব এই হত্যার কথা অস্বীকার করলেও তুর্কি কর্মকর্তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়।
জাতিসংঘ বলছে, তুরস্কের সেই অনুসন্ধানে সৌদি আরব বারবার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। এই বাধা সৃষ্টির বিষয়কেই বিশেষভাবে তুলে ধরা হয়েছে জাতিসংঘের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগিকে হত্যার ঘটনার ১৩ দিন পেরিয়ে যাওয়ার পরও তুরস্কের তদন্ত কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। এভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে। ফলে প্রথমদিকে তদন্তে অনেক সমস্যা হযেছে।
কিন্তু এরপরও খাশেগিকে নিষ্ঠুরভাবে হত্যার আসল তথ্য বের করে আনে তুরস্ক।
সেই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সৌদি আরব হত্যার ঘটনা স্বীকার করেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব ১১ জনকে বিচারের মুখোমুখি করেছে এবং তাদের পাঁচজনের মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে।
সৌদি কর্মকর্তারা বলে আসছেন, সৌদি আরবের একটি দুর্বৃত্ত দলের হাতে এই সাংবাদিক খুন হন। কিন্তু ঘটনার সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন দেশটির কর্মকর্তারা।
জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা যে পরিকল্পিতভাবেই খাশোগিকে হত্যা করেছেন তার প্রমাণ পাওয়া গেছে।
এই তদন্ত কমিটির প্রধান অ্যাগনেস ক্লামারড তদন্তের জন্য গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেছেন।
তুর্কি তদন্তে সৌদি আরবের পক্ষ থেকে বাধা সৃষ্টির চেষ্টারও সমালোচনা করেছেন ক্লামারড।
একইসাথে সৌদি আরবে ১১জনকে বিচারের মুখোমুখি করার যে কথা বলা হচ্ছে, সেই বিচারের স্বচ্ছ্বতা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতিসংঘের এই কর্মকর্তা।
জাতিসংঘের এই তদন্ত কমিটির আগামী জুনে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা



