
অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বাংলাদেশি আনিশা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী এ পদটি অলঙ্কৃত করেছেন।
তিন ধাপে প্রতিষ্ঠানটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ধাপেই সর্বোচ্চ ভোট পেয়ে পদটিতে নির্বাচিত হন আনিশা ফারুক। অক্সফোর্ড ইম্প্যাক্ট প্যানেলের প্রার্থী আনিশা নির্বাচানের চূড়ান্ত পর্বে পান ১ হাজার ৫২৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইভি ম্যানিং ১ হাজার ৪১৬ ভোট পান। প্রেসিডেন্ট পদের আরেক প্রার্থী অ্যাস্পায়ার প্যানেলের এলি মিলনে-ব্রাউন দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে যান।
আনিশা ফারুক কুইন্স কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তার ডাক নাম পদ্মা। এর আগে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাবের কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড স্টুডেন্ট পত্রিকার প্রধান সম্পাদক পদেও ছিলেন এক সময়।
আনিশার বাবার নাম ফারুক আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। মেয়ের এই সাফল্যে তিনি জানান, আনিশা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। মেয়ের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।



