
সৌরভকে টপকে বিরাট রেকর্ড কোহলির
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: হাতছানি ছিলই৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেই সম্ভাবনা বাস্তবায়িত করলেন বিরাট কোহলি৷ স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে ভারত৷ বিদেশের মাটিতে এটি এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় টেস্ট জয়৷ দলের এমন অনন্য নজির গড়ার দিনে ক্যাপ্টেন কোহলি টপকে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ ক্যাপ্টেন হিসাবে বিরাট ব্যক্তিগত মাইলস্টোন স্থাপণ করেলন অ্যান্টিগায়৷
কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে এটি ভারতের ১২ নম্বর টেস্ট জয়৷ এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন সৌরভকে৷ মহারাজের নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ২৮টি টেস্টের মধ্যে ১১টি ম্যাচে জয় তুলে নিয়েছে৷ কোহলি এই নিয়ে দেশের বাইরে মোট ২৬টি টেস্টে নেতৃত্ব দিলেন জাতীয় দলকে৷ অর্থাৎ বিদেশে সব থেকে বেশি টেস্ট জেতা ভারতীয় ক্যাপ্টেনে পরিণত হলেন বিরাট৷
মহেন্দ্র সিং ধোনি বিদেশে ৩০টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন৷ জিতেছেন মাত্র ৬টি ম্যাচে৷ তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে৷ রাহুল দ্রাবিড় দেশের বাইরে ১৫টি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন৷ জিতেছেন পাঁচটি ম্যাচে৷ বিদেশে সাফল্যের নিরিখে তিনি হলেন ভারতের চতুর্থ সেরা অধিনায়ক৷



