
শাহানাজ শিউলী
সদাই আমি স্বপ্ন দেখি দু,চোখের এই শুভ্র তারায়
ভালোবাসায় গড়ব এদেশ সবুজ হয়ে হাসবো ধরায়।
সুখ- দুঃখ ভাগ করে সব থাকবো সবাই সবার তরে,
বাঁচার মতো বাঁচব সবাই কেউ রবেনা অনাহারে।
নারী-পুরুষ সবাই মিলে করব কাজ একসাথে
আঁধার ঢেকে আলোর ভুবণ গড়ব আমি নিজ হাতে।
ঘুণেধরা সমাজটাকে করবো আমি আলোকময়,
সব ভেদাভেদ ভেঙে দিয়ে সাম্যবাদের করব জয়।
কৃষকেরা ফসল ফলায় পায় যেন তার ন্যায্য দাম
সকাল -বিকাল মাটি মেখে ঝারায় গায়ের রক্ত ঘাম।
শূন্য গোলা ভরবে ধানে হৃদয় ভরা থাকবে সুখ
দেখবো না আর অস্ত্রবাজী উপবাসী একটি মুখ।
আমার দেশের ধূলিকণা সোনার চেয়ে বেশি দামি,
জীবন দিয়ে রাখবো ধরে এ পণ আমার দিবসযামী।
এমনিভাবেই স্বপ্ন কত দেখে চলি দিনমান
ব্যর্থ হলে স্বপ্নগুলো বুক ভেঙে হয় খান খান
তবু আমি স্বপ্ন দেখি বাঁচার মতো বাঁচতে চাই
স্বপ্নটুকু আছে বলেই হাসতে পারি বাঁধা নাই।



