
হামলাকারীদের লাশ নেবে না শ্রীলঙ্কার মুসলিমরা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার ইমামদের প্রধান সংগঠন এসিজেইউ জানিয়েছে, দেশটির মুসলমান সম্প্রদায়ের মানুষ আত্মঘাতী বোমা হামলাকারীদের লাশ গ্রহণ করবে না এবং মসজিদের তাদের দাফনের অনুমতি দেয়া হবে না।
কলম্বো থেকে বিবিসির সিনহালা বিভাগের সংবাদদাতা আজাম আমীন জানান, বৃহস্পতিবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা বলেছেন, ‘নিরাপরাধ সাধারণ মানুষের ওপর যারা এই নৃশংসতা চালিয়েছে, তারা আমাদের কেউ নয়।’
সংবাদ সম্মেলনে এসিজেইউর নেতা এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন যাতে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সবোর্চ্চ কঠোর শাস্তি দেওয়া হয়।
তারা এমন কথাও বলেছেন যে ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দিয়েছিল তার সন্দেহভাজন আচরণ সম্পর্কে বেশ কয়েক বছর আগে তারা দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।
শ্রীলঙ্কার কাত্তানকুডি শহরে দুই সন্তানের মা হাশিম মাদানিয়ার সঙ্গে যার ভাই জাহরান হাশিম এই আত্মঘাতী বোমা হামলাকারী দলের নেতা ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। তরুণী হাশিম মাদানিয়া বলেছেন, তার ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগে তিনি স্তম্ভিত এবং এর প্রতিক্রিয়ায় সামনে কী ঘটতে পারে তা নিয়ে তিনি শঙ্কিত।
পুলিশ তার সাক্ষাৎকার নিয়ে গেছে, যদিও তাকে সন্দেহভাজন হিসাবে গণ্য করা হচ্ছে না।
কাত্তানকুডি ভারত মহাসাগরের উপকূলে শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত শহর- বাত্তিকালোয় শহরের কাছে এবং এই শহরের জনসংখ্যা ৫০ হাজারের কাছাকাছি।
বিবিসি প্রতিনিধিকে দেয়া সাক্ষাৎকারে হাশিম মাদানিয়া জানিয়েছেন, তারা ৫ ভাইবোন। তিনি সবার ছোট এবং হাশিম সবার বড়। তার বয়স ৪০এর কোঠায়।
তিনি বেশ জোর দিয়ে বলেছেন, ২০১৭ সালের পর থেকে ভাইয়ের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। সেসময় মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভিন্ন আদর্শের গোষ্ঠিগুলোর মধ্যে সহিংসতায় জড়িত থাকার কারণে পুলিশ যখন তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল তখন সে গা-ঢাকা দেয়।
রোববারের হামলার পর, একটি ভিডিও প্রকাশ পেয়েছে যাতে দেখা যাচ্ছে জাহরান হাশিম বলে যাকে মনে করা হচ্ছে সে আইএস গোষ্ঠির নেতা আবু বকর আল-বাগদাদির আনুগত্য স্বীকার করছে। এই হামলার সঙ্গে জড়িত যে আটজন আইএস-এর অনুগত বলে গোষ্ঠিটি দাবি করেছে তাদের মধ্যে একমাত্র জাহরান হাশিমের মুখই ভিডিওতে দেখা গেছে।
শ্রীলঙ্কার পুলিশ বলছে, হামলাকারী ছিল মোট নয়জন, যাদের মধ্যে একজন নারী এবং এরা সবাই শ্রীলঙ্কাতেই জঙ্গি হিসাবে বেড়ে উঠেছে। বলা হচ্ছে এরা সবাই ‘শিক্ষিত’এবং ‘মধ্যবিত্ত পরিবারের’সন্তান। এদের একজন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে।
হাশিমের বোন হাশিম মাদানিয়া জানান মুসলিমদের একাংশের কাছে তার ভাই খুবই জনপ্রিয় ছিলেন তার কট্টরপন্থী মতাদর্শের কারণে। মূলধারার মুসলিম সংগঠনগুলো তার উগ্র মতাদর্শের কারণে হাশিমকে তাদের জমায়েতে কথা বলতে না দেয়ায় তিনি নিজেই কাত্তানকুডিতে ন্যাশানাল তৌহিদ জামাত নামে সংগঠন গড়ে তোলেন। সমুদ্রের ধারে একটা মসজিদও তৈরি করেন হাশিম।
তার বিতর্কিত বিদ্বেষপূর্ণ বক্তৃতা সামাজিক মাধ্যমে উঠে আসার পর ন্যাশানাল তৌহিদ জামাত তাকে সংগঠন থেকে বহিষ্কার করে। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু হাশিম গোপন স্থান থেকে উস্কানিমূলক ভিডিও প্রকাশ অব্যাহত রেখেছিলেন। তার গড়ে তোলা সংগঠনের সঙ্গে তার যোগযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গয়েছিল কীনা তা নিয়ে স্থানীয়রা সংশয় প্রকাশ করেছে। তবে, জাহরান হাশিম আত্মঘাতী বোমা হামলাকারীদের একজন ছিল কীনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে তার বোন মাদানিয়া বলেন, ‘ভাইয়ের কার্যকলাপের কথা আমি সংবাদমাধ্যম থেকে জেনেছি। আমি এক মুহূর্তের জন্যও ভাবতে পারিনি আমার ভাই এধরনের কাজ করতে পারে। আমি তার কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। সে আমার ভাই হতে পারে। কিন্তু আমি এটা মেনে নিতে পারিনা। আমি তার কথা আর জানতেও চাই না।’



