
হিংসা নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ, সরব বাবুল সুপ্রিয় ও মদন মিত্র
একদিকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। অন্যদিকে দলের অন্দরেই ক্ষোভ পাহাড়প্রমাণ হিংসা নিয়ে। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের আগের দিনই সরব হয়েছিলেন শিল্পী শুভপ্রসন্ন, প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর এবং বারাসতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। মঙ্গলবার ফল প্রকাশের মাঝেই ক্ষোভ প্রকাশ করলেন দুই বিধায়ক বালিগঞ্জের বাবুল সুপ্রিয় ও কামারহাটির মদন মিত্র।
বাবুল বলেন, সীমাহীন হিংসার মধ্যে দিয়ে যে জয় তাতে আনন্দ নেই। তৃণমূলের নীচুতলার কর্মীদের বোঝা উচিত ছিল যে, এই বলপ্রয়োগ না করলেও তৃণমূলের জয় নিশ্চিত ছিল। এই হিংসার দ্বারা মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে ছোট করা হলো বলে বাবুলের ধারণা। তিনি আরও বলেন, বিরোধীরা চাইছিলো ভোটে এদের হেনস্থা করতে, তাই হলো।
তুলনায় মদন মিত্র অনেক চাচাছোলা। তিনি বলেন, রক্তের হোলি খেলে এই জয় এসেছে। এত হিংসা ভাবা যায় না। তৃণমূলের ভালো বিজ্ঞাপন হলো না এই হিংসা।
তৃণমূলের অন্দরে এমন প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত দল।
দলের কার্যকলাপ সমর্থন করছে না দলের একটি অংশ। অতীতে কখনও এমন দেখা যায়নি বলে পুরনো তৃণমূল কর্মীদের ধারণা।



