
হোটেলে ছারপোকা মারার ওষুধ থেকে বিষক্রিয়ায় দম্পতির মৃত্যু
মিসরে এক ব্রিটিশ দম্পতি কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন। একটি আনুষ্ঠানিক তদন্ত শেষে মৃত্যুর পাঁচ বছর পর এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, হোটেলে ওই দম্পতির পাশের ঘরে ছারপোকা মারার জন্য স্প্রে করা কীটনাশক থেকে বিষক্রিয়া হয়েছিল।
উত্তর পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির জন কুপার ও সুসান কুপার ২০১৮ সালের ২১ আগস্ট মিসরের হুরগাদায় পারিবারিক ছুটিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। ছুটির অষ্টম দিনে দুপুরের খাবারের সময় তাদের পাশের ঘরে ছারপোকার উপদ্রবের জন্য কীটনাশক দেওয়া হয়।
দুটি ঘড়ের মাঝে একটি তালাবদ্ধ দরজা ছিল। কীটনাশকের কারণে ধোয়ার সৃষ্টি হলে দরজার চারপাশে মাস্কিং টেপ দিয়ে সিল করে দেওয়া হয়।
কয়েক ঘণ্টা পর দম্পতি রাতে তাদের ঘরে ফিরে যান। কিন্তু পরের দিন এই দম্পতির মেয়ে কেলি ওরমেরড তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান।
কুপারকে ঘরে এবং সুসানকে কয়েক ঘণ্টা পর হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
ল্যাঙ্কাশায়ারের জ্যেষ্ঠ শবপরীক্ষক ডা. জেমস অ্যাডেলি রায় দেন, ২০১৮ সালের ২১ আগস্ট ডাইক্লোরোমেথেনযুক্ত কীটনাশক স্প্রে করার ফলে সৃষ্ট বাষ্প নিঃশ্বাস নেওয়ায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে দম্পতির মৃত্যু হয়েছিল।
মৃত দম্পতির মেয়ে ওরমেরড বলেন, পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে আমাদের মা-বাবার মৃত্যুর কারণ জানা গেল। পরিবার এখনো সেই দিনটির শোক কাটাতে পারেনি।
সূত্র: বিবিসি



