
১৮৬ বছর পর মেক্সিকোয় ফিরল অ্যাজটেক ইতিহাসের দুর্লভ পাণ্ডুলিপি
প্রায় ১৮৬ বছর পর মেক্সিকোয় ফিরেছে অ্যাজটেক সভ্যতার ইতিহাসবিষয়ক একটি দুর্লভ পাণ্ডুলিপি। ‘অ্যাজকাটিটলান কোডেক্স’ নামের ১৬ শতকের এই ঐতিহাসিক নিদর্শনে অ্যাজটেক রাজধানী তেনোচতিতলানের প্রতিষ্ঠা থেকে শুরু করে স্প্যানিশ বিজেতাদের আগমন ও পরবর্তী ঘটনাবলির বিবরণ রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার বিবলিওথেক নাসিওনাল দ্য ফ্রান্স থেকে ঋণ হিসেবে পাণ্ডুলিপিটি মেক্সিকোয় আনা হয়েছে। ১৮৯৮ সাল থেকে এটি ওই গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে কোডেক্সটি মেক্সিকোয় প্রদর্শন করা হচ্ছে।
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির তথ্য অনুযায়ী, অ্যাজকাটিটলান কোডেক্সে মেসোআমেরিকান চিত্রলিপির সঙ্গে ইউরোপীয় লিখনপদ্ধতির সমন্বয় দেখা যায়।
পাণ্ডুলিপিটি তিনটি অংশে বিভক্ত।
এতে অ্যাজটেক সভ্যতার পৌরাণিক জন্মভূমি হিসেবে বিবেচিত অ্যাজতলান থেকে মেক্সিকাস জনগোষ্ঠীর যাত্রা এবং বর্তমান মেক্সিকো সিটিতে তেনোচতিতলান প্রতিষ্ঠার বিবরণ রয়েছে। পাশাপাশি শহরটির শাসকদের উত্তরাধিকার, স্প্যানিশদের আগমন, বিজয় এবং পরবর্তী ধর্মপ্রচার কার্যক্রমও এতে চিত্রিত হয়েছে।
ইতিহাসবিদ মারিয়া কাস্তানেদা দে লা পাজের মতে, ওতোমি জনগোষ্ঠীর একজন আদিবাসী কারিগর এই কোডেক্স তৈরি করেছিলেন।
মেক্সিকোর ন্যাশনাল মিউজিয়াম অব অ্যানথ্রোপলজিতে পাণ্ডুলিপিটি প্রদর্শন করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেক্সিকা জনগোষ্ঠীর প্রতিনিধি মারিয়া ইউজেনিয়া কাস্তানেদা বলেন, এই ধরনের কোডেক্স তাদের পরিচয় ও মানবিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে যুক্ত। এগুলো তাদের মনোবল, রীতিনীতি, সংস্কৃতি এবং নিজেদের পরিচয় সম্পর্কে ধারণাকে শক্তিশালী করে।
তেনোচতিতলানের পতনের পাঁচ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে।
স্প্যানিশ অভিযানের নেতা হার্নান কোর্তেস ও তাঁর মিত্ররা অ্যাজটেক নেতাদের পরাজিত করার পর শহরটি লুট ও ধ্বংস করেন। এর মধ্য দিয়ে মেক্সিকোয় প্রায় তিন শতাব্দীর স্প্যানিশ শাসনের সূচনা হয়।
সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে মেক্সিকোও ফ্রান্সকে আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল ‘কোডেক্স বতুরিনি’ ঋণ দেবে।



