
২০ বছর পর হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নুর গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের ২০ বছর পর ওই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি নেতা নুর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম ওরফে মাহবুবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল মানবজমিন’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহফুজুল আলম রাসেল বলেছেন, ঢাবির অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ‘পাক স্যার জামিন সাদ বাদ’ বইটি জেএমবি মতাদর্শ পরিপন্থী হওয়ায় ২০০৪ সালে তাকে হত্যা করা হয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৯ টার দিকে ড. আজাদ ‘অমর একুশে বইমেলা’ থেকে বের হয়ে বাংলা একাডেমী ও টিএসসি’র মাঝামাঝি পৌঁছালে জেএমবি’র আমির শায়েখ আব্দুর রহমানের নির্দেশে জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, সালাউদ্দিন সালেহিন, হাফেজ শহিদ, নুর মোহাম্মদসহ তার অন্যান্য সহযোগীরা ড. আজাদকে ঘেরাও করে। তাদের ব্যাগে থাকা চাপাতি- ছুরি দিয়ে ড. হুমায়ুন আজাদের ঘাড়, মাথা, মুখ, গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এরপর হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ড. আজাদ চিকিৎসারত অবস্থায় জার্মানিতে মৃত্যুবরণ করেন। ওই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি বিরোধী অভিযান জোরদার করলে নুর মোহাম্মদ আত্মগোপনে চলে যায়। তিনি ২০ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক নুর মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হুমায়ুন আজাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ সুপার মাহফুজুল আলম বলেন, নুর মোহাম্মদ জেএমবি’র আমির শায়েখ আব্দুর রহমানের কাছে বায়াত গ্রহণ করেন এবং জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির মাধ্যমে জেএমবি সংগঠনের দাওয়াত প্রাপ্ত হন। পরবর্তীতে, জেএমবি নেতা সালাউদ্দিন সালেহিন, হাফেজ শহিদ, মো. মিজানুর রহমান মো. হাফিজ মাহমুদ রাকিবসহ অনেকের সঙ্গেই তিনি সম্পৃক্ত হন এবং বিভিন্ন সাংগঠনিক কাজে অংশগ্রহণ করেন।



