
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আসামে নিখোঁজ ২১ জন বাংলাদেশির খোঁজ মিলল। বৈধ কাগজ ছাড়া ভারতে প্রবেশ করার অভিযোগে তাদের আসামের করিমগঞ্জ জেলায় আটক করে রেখেছিল পুলিশ৷ পরে ওই ২১ জনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্ররণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে আসাম পুলিশ ও বিএসএফ৷
বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত আছে৷ অভিযোগ, এই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ ঘটে বাংলাদেশিদের৷ সীমান্তবর্তী হওয়ায় আসামে এই অনুপ্রবেশের সমস্যা মারাত্মক৷ ডিএনএ নিউজ জানাচ্ছে, সম্প্রতি সুত্রাখান্ডি সীমান্ত থেকে আসামের করিমগঞ্জ জেলায় বৈধ কাগজ ছাড়া ঢুকে পড়ে এই ২১ জন বাংলাদেশি৷ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরে তাদের আটক করে পুলিশ৷ রাজ্য পুলিশ জানিয়েছে, এই ২১ জন বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে৷ তারা কোনও কাগজ দেখাতে পারে নি৷ সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা৷ পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, কাজের খোঁজে তারা ভারতে এসেছিল৷
গত কয়েক দশক ধরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিশেষ করে আসামে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গিয়েছে৷ এই নিয়ে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে আসামে শুরু হয় নাগরিকপঞ্জি তৈরির কাজ৷ ৪০ লক্ষ মানুষের নাম বাদ যায় এনআরসি তালিকা থেকে৷ এই ৪০ লক্ষ মানুষের ভবিষ্যত কী হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ আশঙ্কা ছড়ায় তাদের হয়ত দেশ থেকে চলে যেতে বলা হতে পারে৷ এই ঘটনায় উত্তাল হয়ে পড়ে জাতীয় রাজনীতি৷ লোকসভা ভোটের আগে এই ইস্যুতে সরকারকে চাপে ফেলতে উঠে পড়ে লাগে বিরোধীরা ৷



