প্রধান খবরভারতরাজনীতি

৫৬ জন নেতাই প্রধানমন্ত্রী হতে চায়, মহাজোটকে কটাক্ষ শিবসেনার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অতীতের তিক্ততা ভুলে কাছাকাছি এসেছে দুই হিন্দুত্ববাদী দল বিজেপি ও শিবসেনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে শিবসেনার মুখে৷ দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে মনোমালিন্যের কথা স্বীকার করে নেন৷ জানান, অতীতে কিছু মতবিরোধ তৈরি হয়েছিল৷ কিন্তু সেগুলি মিটিয়ে আবার একজোট হয়েছে দুই দল৷ আর এটা হওয়ারই ছিল৷ উদ্ধবের কথায়, দুই দলের লক্ষ এক৷ তাদের মতাদর্শ এক৷ ফলে সমঝোতা হওয়ারই ছিল৷

শিবসেনা প্রধান যেমন বিজেপিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তেমনি বিরোধীদের জোটকে সমালোচনায় বিদ্ধ করেন৷ মোদীকে এনডিএ শিবিরের নেতা হিসাবে তুলে ধরে মহাজোটকে কটাক্ষ করেন উদ্ধব৷ বলেন, ‘‘তাদের ৫৬ জন নেতা ব়্যালিতে হাত মিলিয়েছে৷ এটা ভালো৷ তাদের মধ্যে ভাব ভালোবাসা না থাকলেও তাদের হাত মেলানো উচিত৷ কিন্তু শিবসেনা ও বিজেপি হৃদয় থেকে এক৷’’ উদ্ধবের আরও সংযোজন, ‘‘ওদের কাছে জানতে চাই তোমাদের নেতা কে? ওরা কোনও জনসভা করলে জনতা কোন একজন নেতার নামে ধ্বনি দেবে? যেমন এখানে আপনারা দিচ্ছেন৷’’ শিবসেনা সুপ্রিমো যখন একথা বলছেন তখন জনতার মুখে ‘মোদী মোদী’ রব৷

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে এনে উদ্ধব জানান, বিরোধী দলে এমন কোনও নেতা নেই যিনি যোগ্যতায় মোদীর ধারেকাছেও ঘেঁষতে পারেন৷ মহাজোটে সবাই একে অপরকে পা ধরে টেনে নামাতে ব্যস্ত৷ সবাই প্রধানমন্ত্রী হতে চায়৷ তাই ওদের কোনও প্রধানমন্ত্রীর মুখ নেই৷ গতবারের মতো এবারও দেশ জুড়ে গেরুয়া ঝড় উঠবে৷

শনিবার গান্ধীনগর কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেন অমিত শাহ৷ তাঁর হয়ে জনসভা করতে গুজরাত আসেন উদ্ধব৷ বলেন, আমি এখানে আসায় অনেকের ভ্রু কুঁচকেছে৷ কারোর পেটে ব্যাথা অনুভব হচ্ছে৷ কেউ কেউ খুশি হয়েছে যে দুই দল আবার কাছাকাছি এসেছে৷ বিজেপি ও শিবসেনার মধ্যে কিছু দুরত্ব তৈরি হয়েছিল৷ কিন্তু অমিত শাহ আমার বাড়ি আসেন৷ আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নিই৷ ২৫ বছর ধরে দুই দল একসঙ্গে হাত মিলিয়ে চলছে৷ সেই কথা ভুললে চলবে না৷ আমরা দুটি দল যারা গেরুয়া পতাকা বহন করি৷ কারণ দুই দলের লক্ষ, মতাদর্শ এক৷ হিন্দুত্ব আমাদের একসূত্রে বেঁধেছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension