‘ফোনে হ্যালো না বলে বলবেন জয় বাংলা।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধান সভা নির্বাচনে ‘জয় বাংলা’ স্লোগানকে তার নির্বাচনে হাতিয়ারের মতো ব্যবহার করছেন। এবারের প্রতিটি নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনা যাচ্ছে এই স্লোগান।
বুধবার রায়গঞ্জে সভা করার পর মুখ্যমন্ত্রী যান মালদার সভায়। সেখানেই সভার একেবারে শেষে স্লোগান দেওয়ার সময় জনতার উদ্দেশে মমতা বলেন, ‘রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন জয় বাংলা।’ শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, ‘ফোনে হ্যালো না বলে বলবেন জয় বাংলা।’ এর পরই সভা থেকে পরপর তিনবার ‘জয় বাংলা’ আওয়াজ ওঠে।
বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেরণা, সেই ‘জয় বাংলা’ এখন পশ্চিমবঙ্গের মহারণে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রাজনৈতিক হাতিয়ার। কিছুদিন ধরে মমতা এ বিধানসভা নির্বাচনকে বাঙালি বনাম অবাঙালি পরিণত করতে চাইছেন। অর্থাৎ, পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বনাম বাইরের রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের লড়াই। পুরো পশ্চিমবঙ্গকে ৭ ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দায়িত্ব একজন অবাঙালি নেতার হাতে তুলে দিয়েছেন মোদী-শাহ। এরপর তৃণমূল বাঙালি বনাম অবাঙালি প্রচারে আরো সোচ্চার হয়েছে।❐



