
সেদিন দুচোখে গভীর নিম্নচাপ,
উত্তরে ছাঁট বৃষ্টির ছিল ভয়,
উতল হাওয়ায় সবকিছু এলোমেলো
চাহনিতে ছিল অজানা সংশয়!
একপা দুপা এগিয়ে ছিল কি মন?
বদলে ছিল কি চিরচেনা তার রূপ?
হাত বাড়ালেই হয়তো দিত ধরা
পলকা ছাঁটে তুমুল ভেজার সুখ।
ছেঁড়া চিরকুটে হিসেব রেখে এ মন
দিনের শেষে নিয়মমাফিকই বাঁচে
কিছু অংকের শেষও বড় জটিল
পুড়িয়েছি তাই তীব্র আগুন আঁচে।
তাইতো আকাশ আজকে হঠাৎ নীল
পূর্ণিমা রাত জ্যোৎস্না বারান্দায়,
ছদ্মনামের কোনো এক কবিতায়
লিখছে কি কেউ ‘সবই বদলে যায়’?



