
আক্ষরিক অর্থে
প্রতিটি বোমার সাথে ভেঙে পড়েছিল
এক টুকরো আকাশ।
বোমারু বিমানের বিকট চিৎকারে
উৎকট উল্লাস করেছিল শাপগ্রস্ত শয়তান।
নিষ্পাপ শিশু,
আর আজন্ম দুখিনী জননীর
অস্থি-মজ্জা মিশে ছিল ধ্বংসস্তুপে।
সময় থেমে গিয়েছিল,
যেন কোনোদিন কোনো গতি ছিল না।
সোনালী অতীত বলে কিছু নেই,
ভবিষ্যতের দরজা বন্ধ—
আছে শুধু বিভৎস বর্তমান।
জানি, হাজার বছরের হাহাকার
পিছনে ফেলে আবার চলতে থাকবে
সময়ের চাকা মসৃণ মধুর সুরে।
ধূসর ধ্বংসস্তুপ থেকে
আবার জন্ম নেবে
ফিলিস্তিনের ফিনিক্স পাখি!



