
শম্পা ঘোষ
বিষাদে নোনতা স্বাদ
তিক্ততার কৌতূহলে ঈষৎ সন্ধিৎসু মন,
পেন্ডুলাম এর মধ্যে ভেসে যাচ্ছে সময়,
ধমনী ধমনীতে বইছে মায়া মুহূর্ত,
চোখের নিচে কালির মতো পোড়া মোমবাতির অবশিষ্ট পড়ে থাকে.
পিকাসোর চিত্রগল্প হোমিসাইড ভিড়ে আক্রান্ত,
জারণ বিজারণের তত্ত্বে থেকে যায় মুদ্রার হিসাব,
একটু একটু করে এগিয়ে যাচ্ছি ব্যধির দিকে,
মৌচাকে কেউ ঢিল ছুঁড়েছে
তীব্র দংশনে অভিঘাত যে সবারই আসতে পারে
একথা বেমালুম ভুলে যায় সবাই.
ভাতের ঘ্রাণ এখনও পিছু ডাকে
ছেঁড়া অসুখে সরিয়ে রেখে ডুবে যাই তাতে,
স্মৃতি আসলে আত্মহত্যার সামিল.
মৃত্যুর আচারে আগ্রহী, রকমারি উপাচারে ফেরারি হতে গিয়ে
তাই আর ফিরে যাওয়া হয় না.
আসলে সকল শূন্য বুক একটা হাতের স্পর্শ চায়,
কবিতা এখনো বৃষ্টির আয়োজন করে চলে।



