
জহিরুল হক বিদ্যুৎ
কিছু দ্রোহ ও কিছু প্রেম জমা রেখো
ওই মেঘেদের কাছে, ফুলেদের কাছে।
যদিও একদিন নিঃশব্দে ঝরে যাবে ফুল
ঝরে যাবে মেঘ রিমঝিম বৃষ্টির আর্তনাদে।
ওই ফুলেদের বুকে যা আছে জমা
ওই মেঘেদের কাছে যা আছে জমা
হোক তা হাজার বছরের প্রেম কিংবা দ্রোহ
ওরা ঠিক ছড়িয়ে দেবে আকাশে বাতাসে
প্রজন্ম থেকে প্রজন্মে, পাতা ও ফুলের কাছে
ওই সুদূরে উড়ে চলা পেঁজা মেঘের ডানায়।
এই যে আশোক, পলাশ, শিমুল ফুলে
এখনো লেগে আছে আমার ভাইয়ের রক্ত,
এখনো কৃষ্ণচূড়ার বনে হিন্দোল তোলে
ঐতিহাসিক ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ,
সেই দ্রোহে পবিত্র রক্তমাখা পাপড়িগুলো
কী কভু ভুলতে পেরেছে ৫২ ও ৭১ এর কথা?



