
আসাদুজ্জামান খান মুকুল
কবিতা কবির প্রেরণার ধারা
অবিনাশী যার প্রাণ,
ভাঙনের কূলে লিখে বসে কবি
গায় জীবনের গান!
কবিতা কবির প্রাণ স্পন্দন
রক্ত প্রবাহ ধারা,
প্রলয়ের তানে লেখনীর বানে
অন্যায়ে দেয় নাড়া!
কবিতা কবির দুখিনী মায়ের
নয়ন ঝরানো জল,
অসহায় বুকে শক্তি যোগাতে
ক্ষেপণীয় সম বল!
কবিতা কবির ধ্যান ধারণায়
জাগ্রত এক বোধ,
প্রভাত রবির আলোকের ন্যায়ে
আঁধারের করে রোধ!
কবিতা কবির অষ্টাদশীর
যৌবন ভরা হাসি,
প্রেমে মাতোয়ারা কৃষ্ণের মুখে
সুরেলা বাঁশের বাঁশি!
কবিতা কবির বাংলা মায়ের
শ্যামলীমা ভরা মাঠ,
পদ্মা-মেঘনা-যমুনার কূলে
তীর্থ সিনান ঘাট!
কবিতা কবির মায়ের ভাষা যা
হীরা মানিকের তুল,
যার বদান্যে লেখনীতে কবি
পাথরে ফোটায় ফুল!



