
কনক কুমার প্রামানিক
কালো মেঘ আকাশ জুড়ে
বিজলীর ঘনঘটা,
আকাশ ফুঁড়ে নামবে বুঝি
ঝুম বৃষ্টির ছটা।
ঝড়ের তোড়ে ভাঙছে ডাল
উড়ছে টিনের চালা,
প্রকৃতিতে চলছে এখন
কালবৈশাখীর খেলা।
আম বাগানে ভিড় করছে
কিশোর ছেলের দল,
সদ্য ফোঁটা বারিধারায়
চারিদিক টলমল।
ব্যাঙেরা সব গান ধরেছে
কলমিলতার তলে,
মাঠের ফসল যাচ্ছে ভেসে
হঠাৎ এমন জলে।



