
মমতা মজুমদার
বাদল দিনে,
ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে তুমি এসো
আজ প্রাণ ভরে ভিজবো দুজনে।
কতদিন আমরা হাঁটছি একই আকাশের নিচে
দুজন দু-প্রান্তে।
শহরের মোড়ে কখনো ব্যস্ত গলিতে শত শত
লোকের ভিড়ে;
কেউ কারো সম্মুখ পানে আসিনি তো ভুল করে।
অথচ দেখ,
কথা ছিল দুজনে থাকব সারাটি জীবন এক সাথে।
হাঁটব ভালোবেসে হাতে হাত রেখে।
এই শহরের ব্যস্ত পথে দুঃখগুলো ওড়াব নাটাই হাতে।
সুখের পায়রার মতো ঘুরে বেড়াব মান অভিমান ভুলে।
একগুচ্ছ কদম নিয়েই তুমি এসো,
বৃষ্টিস্নাত কদমের মিষ্টি গন্ধে মাতাল হবো দুজনে!
ভেজা চুলে বিনুনি কেটে একটা ফুল গুঁজে দিও
স্মৃতির পাতায় কিছু প্রেম রয়ে যাবে একই ফ্রেমে।
তুমি এসো, দুজন মিলে ভিজবো এই আষাঢ়-শ্রাবণ মাসে;
সকাল কিংবা ঝমঝম বৃষ্টি ঝরে পড়া সন্ধ্যা লগ্নে।



