
শেখ মোমতাজুল করিম শিপলু
বর্ষার দেশে ফুল ফুটেছে
দোলনচাঁপা বেলি,
জুঁই কামিনী কেতকী আর
শ্বেতচাঁপা লিলি।
ভুবন তটে বারির গানে
ভাসছে যৌবন ভেলা,
টগর শাপলা কদম কুন্দ
আষাঢ় শ্রাবণ খেলা।
কোন্ সুরভী দোল তরঙ্গে
তরণী পাল তুলে,
বইছে জোয়ার আষাঢ়ি বান
দুঃখ খরা ভুলে।
গন্ধরাজের ফোয়ারা সাজ
স্নিগ্ধ কোমল পরশ,
জলের রাশি রূপার হাসি
পুলকিত বরষ।
বর্ষা রানি চোখ মেলেছে
দন্তে কামড় কেটে,
মেঘ ঢেকেছে নীলাভ গগন
আষাঢ় তৃষ্ণা মেটে।



