
মহাবিশ্ব সমান আফসোস তোমায় না পাওয়ার!
সময় অসময়ের বৃষ্টিতে, চেনা পথটায় হাঁটতে গেলে
নয়ত চায়ের কাপে চুমুক দিয়ে…
হ্যালুসিনেশনে তোমার মুখের আবছায়া।
‘আফসোস’ নামক আমরণ ব্যাধির সনে বাস আমার।
একজনমে কত আফসোসের গোর হয়েছে সঙ্গোপনে,
আঠারো ইঞ্চি বুকটায় সাত সমুদ্র সমান হাহাকার!
তুমিহীন জীবনের সবটাই আফসোস!
সপ্তাশ্চর্যের মতো আশ্চর্য মিশ্রণে দেখি—
যাকে প্রশ্রয় দিয়ে নিঃশেষিত হচ্ছি প্রতিনিয়ত
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি শূন্যতার অতল গহ্বরে,
তার সুবিস্তৃত মহীরুহের শাখা-প্রশাখায়
আমার খড়কুটো বাসের সামন্য স্থান সংকুলানহীন !
তাইত, একদিন তোমাকে না পাওয়ার
নীল বেদনাটাকে ছুটি দিলাম।
নিজেকে বোঝালাম—
যাকে পাইনি, তাকে না পাওয়াতেই আমার পূর্ণতা।
বলবে- ‘মিথ্যে সান্ত্বনা’। বলাই যায়!
কিন্তু যে মিথ্যে ভালো রাখে,
সে মিথ্যেকে আমি চোখ বন্ধ করে ভালোবাসি।
যে আমার হলো না, তার তরে আফসোসে গলা ফাটিয়ে
যা কিছু আমার রইল
তার প্রতি অবিচার করার কোনো মানেই হয় না।



