
শেখ মোমতাজুল করিম শিপলু
পূর্বসূরি করেছে যা উত্তরসূরী তা,
অবিকল সব লক্ষ্য করছি শিউরে ওঠে গা।
কথা বলার নাই অধিকার পরাধীন আজ দেশ!
স্বাধীন স্বাধীন চিৎকার শুনি স্বৈরাচারী বেশ।
খাদের কূলে চামচিকা সব- উল্লাস দেখতে পাই,
বৈষম্য আজ সারাদেশে মুক্তি কারোর নাই।
শান্তিপুরী বিদায় করে হিংসার হলো চাষ,
কোন্ মসনদে আসীন হলো পোয়াবারো মাস।
নিজ স্বদেশে বন্দী মানুষ কণ্ঠ হলো রোধ,
আহম্মকের রাজত্বে বাস পিতার ঋণের শোধ।
হাসির চাঁদটা মলিন হয়ে স্বাধীনতা ক্ষীণ,
দোসর মুখে হাসি ফুটে অমানিশার দিন।
গৃহ কোণে বন্দি করে ফন্দি তাদের আঁট,
একে একে করছে দখল বাজারঘাট হাট মাঠ।
তিরোধানের এই নগরী মুক্তিকামী নয়,
এক পিঠে হায় সদা আঁধার মনন জুড়ে ভয়।
স্বাধীনতা স্বাধীনতা আজ হারালো কই?
স্বাধীন দেশটা নামেই স্বাধীন- আমরা স্বাধীন নই।
কেউ গিয়েছে অনেক পিছে পিতার গালে চড়,
মুক্তিকামীর গলায় জুতা হিংসায় বেঁধে ঘর।



