
জসীম উদ্দীন মুহম্মদ
কিছু জাগ দেওয়া শব্দ বারবার জেগে উঠতে চায়
যেভাবে শুকনো পাতারা মর্মরে জীবন ফিরে পায়
যেভাবে কালিহীন কলম সাদা কাগজে পদচিহ্ন রেখে যায়
ঠিক ঠিক সেভাবে… শব্দেরাও সশব্দে আন্দোলন
করতে চায়… তারাও আন্দোলিত হতে চায়!
যে সময় একদিন কালঘুমে চুমু দিয়েছে
নর্তকীর নিক্বণ তার কতোটা ভাঙাবে বেলোয়ারি ঘুম
দেখছ না… আমাদের সবার হাজার হাজার চোখের
চারপাশে ঘুমের ধুৃম পড়েছে… ধুম…!
আয়েশ করে যে পথিক রাস্তার ওপর ঘুমায়
গন্তব্য কি তার চোখে, মুখে, কপোলে, কপালে চুমায়?
আমি জানি, এই কবিতাটা আরও দীর্ঘ হতে পারত
হতে পারত কোটি বছর আয়ুকাল পাওয়া কিংবদন্তি
আফসোস! সেও অশুদ্ধ সময়ের কাঁটাতারে বন্দি
অতঃপর সেও ঘুমের সাথে করে নিয়েছে নিঃশর্ত সন্ধি!



