প্রবাস

টোকিওতে জাতীয় শোক দিবস পালন

রূপসী বাংলা ডেস্ক:জাপানের রাজধানী টোকিওতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বুধবার সকালে টোকিওতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত । তিনি জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাপানি ও বাংলাদেশিদের উপস্থিতিতে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশেল রাষ্ট্রদূত। আলোচনায় অংশ নেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ-ওয়েস্ট এশিয়া বিভাগের পরিচালক শোগো ইয়োশিতাকে এবং জাপান প্রবাসী বাংলাদেশিরা।

 

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, অবিসংবাদিত অকুতোভয়  নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তিনিই যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নির্মাণে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। দ্রুততম সময়ে জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় ও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন।

রাষ্ট্রদূত আরো বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার স্বপ্ন ও নির্দেশনা আমাদের পথচলার অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। তার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।

শোগো ইয়োশিতাকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতির শ্রদ্ধা জানান এবং জাপান–বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করেন।

দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পরে উপস্থিত জাপানি নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া, জাতির পিতার সংগ্রাম আর জীবন-কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension