
ইমন হোসেন মিলন
অন্তর্গত দ্বন্দ্বের মাঝখানে,
ভেসে আছি ভরহীন শিমুল তুলোর মতো;
উপরে আলো, নিচে অন্ধকার,
মোহের মাধ্যাকর্ষণ আমাকে টেনে নেয় বর্ণিল ভূমিতে;
অথচ এক শাশ্বত অদৃশ্য ধ্রুবতা আমাকে ডাকে,
আমাকে টানে অনন্ত অসীমের শূন্যতার অর্থময়তায়;
আমি ছুটে যেতে চাই শুভ্রতার উদ্ভাসে,
তখনই জাপটে ধরে শিকড়ের তীক্ষ্ণ নখর, সর্বগ্রাসী বাস্তবতা;
আমার অভিযোজিত স্বাধীনতা আমাকেই করে কারাবন্দি!
বিভ্রান্ত মস্তিষ্ক টেনে এক করতে চায় আকাশ ও মাটি,
অসম্ভবের হাওয়া বয়ে আনে অযাচিত বার্তা-
ভেসে থাকা কিংবা আকাশ-মাটির সন্ধি দুটোই অলীক;
আমাকে থমকে যেতে হয় কুয়াশার কুহকে!
অবশেষে আমি,
একহাতে সংসার আর অন্য হাতে সন্ন্যাস নিয়ে এগিয়ে যাই,
এগিয়ে যাই নিঃশেষ হতে হতে,
অক্ষয় অমরত্বের কূলহীন মহা সমুদ্রের পানে।



