
ইমন হোসেন মিলন
স্বাধীনতা,রক্তের নদী থেকে কুড়ানো,
তুমি সেই প্রিয়তম রত্ন!
প্রথম যেদিন চোখ মেলেছিলাম,
এই অবাধ সবুজের বিদগ্ধ আলোয়,
সেদিন থেকেই আমি,এই বাংলার শর্তহীন প্রেমিক!
হে বাংলাদেশ,প্রাণপ্রিয় বাংলাদেশ,
তোমার মায়াবী ললাট চুম্বন করে আমি শপথ নিয়েছি,
শপথ নিয়েছি,এই ভূমির প্রতিটি কণার সুরক্ষায়!
প্রতিটি পল্লী,প্রতিটি শহরে আমি আজো জ্বেলে যাই,
প্রেম আর ভালোবাসার প্রোজ্জ্বল দীপ।
বাংলার প্রতিটি অরণ্যে,প্রতিটি পাহাড়,অন্তরীক্ষ আর সমুদ্রে,
উদ্ধত সঙ্গিন হাতে আমি এক অতন্দ্র প্রহরী!
রক্তই আমার ইতিহাস,
রক্তের নদীতে অবগাহন করে,আমি আজ রক্ত খেকোর ত্রাস!
এই সার্বভৌম ভূমিতে কেউ হাত বাড়ালে,
নিষ্ঠুর হন্তারকের মতো রক্তাক্ত হবে আমার হাত;
এই স্বাধীন ভূমিতে কেউ বাঁকা চোখে তাকালে,
আমার শান্তিপ্রিয় হৃদয় থেকে,
ছড়িয়ে পড়বে বিধ্বংসী যুদ্ধের দাবানল;
আমি আমার সশস্ত্র থাবায় ছিঁড়ে ফেলবো,
সাম্রাজ্যবাদী হায়নার হৃৎপিণ্ড!
স্তব্ধ করে দেবো,দখলবাজদের দূষিত চিৎকার!
আঠারো কোটি বাঙালির চোখ,
আমার হৃদয়ে পারমাণবিক বোমার মত ফুটে আছে;
মারণাস্ত্রের সজ্জায় আমি আজ দুর্বার সৈনিক,
আমার মাথায় লাল সবুজের স্বাধীন পতাকা,
আমার হৃদয়ে শত্রুর রক্ত তৃষ্ণা;
শান্তি প্রিয় নয়,
স্বাধীনতার সপক্ষে আমিই সবচেয়ে বড় যুদ্ধবাজ!



