
রুশ জেনারেলকে হত্যার অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার
মস্কোতে রুশ সেনাবাহিনীর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা বাহিনী (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলভ ও তার সহযোগী নিহতের ঘটনায় এক সন্দেহভাজনকে (২৯) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাশিয়ার তদন্ত কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রুশ জেনারেলকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের এক নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। ২৯ বছর বয়সী ওই সন্দেহভাজন জানিয়েছে, তাকে ইউক্রেনীয় বিশেষ বাহিনী নিয়োগ করেছে।
রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেকভ জানিয়েছেন, কিয়েভ আবারও নিশ্চিত করেছে তারা সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসেনি।
জেনারেল কিরিলভ ২০১৭ সাল থেকে এনবিসি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন।
কিরিলভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।



