
সন্ধ্যাতারা ডুবেই হয়েছে ভোর
ভোর রাতে আর কপাল ছোঁয়না ঠোঁট
ফিরতে চেয়েও থমকে তাকিয়ে দেখি
রুদ্ধ করেছ তোমার প্রেক্ষাপট।
কিছু কথাদের আলপথ ধরে হাঁটি
বিবর্ণ কিছু ছবি ছুঁয়ে ছুঁয়ে যাই
অলিগলি ধরে খুব চেনা আনাগোনা
পড়ে দেখি তুমি অচেনা গল্পটাই।
শীতের সকালে শিশিরের পিছুটান
আলসে দুপুরে পাতাদের মর্মর
দুঃখবিলাসে হন্যে হওয়া এ মন
এভাবেই কাটে একাকী ডিসেম্বর।
গেছ সেই কবে আলোকবর্ষ দূর
হাতড়ে চলেছি স্মৃতিদের সঞ্চয়
কি করে বোঝাই, সাগরের পারে গিয়েও
বাসলে ভালো ঘরে ফিরতেই হয়।



