
ইমন হোসেন মিলন
আমার আজন্ম দাবি,
পৃথিবীর প্রতি ইঞ্চি পরাধীন ভূমিতে ফুটুক,
স্বাধীনতার সুস্নিগ্ধ ফুল।
আমার আমৃত্যু প্রত্যাশা,
পৃথিবীর প্রতিটি ক্ষুধার্ত প্রাণে বয়ে যাবে,
ভোজনের প্রশান্ত তৃপ্তি!
আমার চিরায়ত আকাঙ্ক্ষা,
পৃথিবীর প্রতিটি উদ্বাস্তু মানুষ,
নিরুদ্বেগ স্বস্তিতে ফিরে যাবে গৃহের ছায়ায়।
আমি সকাতর হৃদয়ে আহ্বান করছি ,
পৃথিবীর প্রতিটি রুগ্ন পীড়িতের কাছে ছুটে যাক,
অবারিত চিকিৎসা বিজ্ঞান।
আমার বিপ্লবী ইশতেহার,
পৃথিবীর প্রতিটি বৈষম্যের নীড়ে,
প্রত্যাবর্তন করবে সাম্যের শুভ্র পায়রা।
আমার সকরুণ প্রার্থনা ,
পৃথিবীর প্রতিটি পথশিশু,প্রতিবন্ধী আর অসহায়-
মানুষের মুখে হাসি ফুটুক।
আমার আমৃত্যু স্বপ্ন,
পৃথিবীর সব আতঙ্ক,অন্ধকার এবং যুদ্ধ বিগ্রহ মুছে,
শান্তির দীপ্তিতে ফুটে উঠবে সপ্ত মহাদেশ!



