
মারে-এ-লাগোতে কি কথা হলো ট্রাম্প ও মেলোনির
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিমানে করে ফ্লোরিডায় উড়ে গিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছেন। শনিবার (০৪ জানুয়ারি) দুজনের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। তার আগেই ইউরোপীয়ান এই নেতা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে ফ্লোরিডায় যান। খবর রয়টার্স
সাংবাদিক এবং অন্যান্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের সদস্যরা মোলোনিকে স্বাগত জানাচ্ছেন।
এদিকে আগামী ১২ জানুয়ারি রোমে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখান তার সঙ্গে সাক্ষাত করবেন মেলোনি। তবে তার আগেই তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয়লাভ করেন ট্রাম্প।
ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে মোলোনির সাক্ষাতে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে মেলোনির পরিকল্পনা ছিল ট্রাম্পের সঙ্গে রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্য সংকটসহ তেহেরানে ইতালিয়ান সাংবাদিক আটকের বিষয়ে কথার বলার।
এ বিষয়ে মেলোনির অফিস থেকে মন্তব্যের জন্য রয়টার্সের সাংবাদিক আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি।



