
আহম্মদ হোসেন বাবু
অনাবৃত দেহে আছি একা একা রোদে-অন্ধকারে
বুকের তলায় রক্তধারা বুদবুদের মতো জাগে
মানুষের মন বড়ই জটিল জগত-সংসারে!
জানি না তোমাকে কেন এত বেশি আপনার লাগে?
নির্জনবাসে দূর্বাঘাসে বিছিয়েছে আঁচল শবনম
জীবনে যা ঘটে, গল্প-কবিতায় পাই নাকি বলো?
পথে-পথে কেটে গেল, বেহিসেবী পুরোটা জনম
যত কথা জমা ছিল, কতটুকু তার বলা হলো?
হৃদয়ের ঋতুচক্র প্রকৃতির মতো যায়-আসে
ভিত্তির নিচের ইট, সে কি সর্বোচ্চ উঁচুতে নয়?
পৌষের রোদের মতো রাত আশীর্বাদ হয়ে হাসে
যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে, অন্য কেউ নয়।
কী শাস্তি আমাকে দেবে? যে আত্মায় নিহত নিজেই!
প্রার্থনার ভাষা এবং প্রেমকথার সৃষ্টি আবেগেই।



