
শাহজালাল সুজন
সঙ্গী আমার রাতের তারা
সঙ্গী চাঁদের আলো,
জেগে থাকি রাতের সাথে
নিকষ রাতই ভালো।
দিনের আলোয় হোঁচট খেয়ে
অশ্রু ঝরে চোখে,
রাত্রি আমার প্রাণের প্রিয়
দিন থাকে না শোকে।
ইট পাথরের মানুষগুলো
ইটের ভেতর ক্ষত,
হৃদয় পিণ্ডে আঘাত করে
দুখ দিয়ে যায় শত।
আলো ভেবে আঁধার ঘেরা
পথের বাঁকে চলে,
কথা কিংবা রোদের তাপে
কোথায় নীতি গলে।
এক চোখেতে স্বপ্ন গাঁথা
অন্য চোখে কালি,
রোদ হাসে না আমার সাথে
চাঁদ হাসে এক ফালি।



