
মোশাররফ হোসেন
জীবন আমার বাউল মনা
চঞ্চলা এই প্রাণ,
পাখির সুরে তাল মিলিয়ে
গায় জীবনের গান।
বুক চিতিয়ে আকাশ ছুঁয়ে
মেঘ জমিয়ে রই,
দুখের বরফ আঁচে ঝরে
মনের কথা কই।
মন পবনের নাওয়ে চড়ে
ওই দিগন্তে যাই,
জল আয়নাতে বিরহী সুর
প্রতিধ্বনি পাই।
হলদে রোদের এলোকেশে
পাই যে সুখের বান,
রাই বিনোদীর সবুজ বুকে
লিখি নতুন গান।
ফসল মাঠের টোল বাতাসে
খুঁজি প্রিয়ার মুখ,
এই অবনীর আলো আঁধার
ঘিরেই বাউল সুখ।



