
আইএসএলের উদ্বোধনে সচিন-সৌরভ দ্বৈরথ
রূপসী বাংলা ডেস্ক: আইএসএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে৷ বাঙালির সেরা উৎসব দূর্গাপূজোর আগেই কলকাতা সাক্ষী থাকছে ফুটবল উৎসবের৷ ২৯ সেপ্টেম্বর, যুবভারতীয় স্টেডিয়ামে আইএসএল ২০১৮ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এটিকে ও সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্স৷
কলকাতা লিগে দু’প্রধানের লড়াই শুরু হয়েছে আগেই। আর পুজোর ঠিক প্রাক্কালে চলতি মরশুমে আইএসএল অভিযান শুরু করছে দু’বারের চ্যাম্পিয়ন এটিকে। সৌরভ-সচিনের দ্বৈরথ দিয়েই শুরু হতে চলেছে আইএসএলের পঞ্চম সংস্করণ। ২০১৮-১৯ মরশুমে ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যচে ঘরের মাঠে এটিকে’র প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স।
টেডি শেরিংহ্যামের কোচিংয়ে গত মরশুমে এটিকে’র পারফরম্যান্স ছিল তলানিতে। গ্রুপ পর্বে দশ দলীয় টুর্নামেন্টে ন’নম্বরে শেষ করেছিল তারা। ২০১৬-১৭ মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবারের খারাপ পারফরম্যান্সে স্বভাবতই হতাশ ছিলেন এটিকে কর্মকর্তারা। তড়িঘড়ি ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হয় টেডি শেরিংহ্যামকে। বদলি হিসেবে নিয়ে আসা হয় ম্যান ইউ’র প্রাক্তন ষ্ট্রাইকার স্টিভ কপেলকে। ভাল ফলাফলের লক্ষ্যে কপেলের সহকারী হিসেবে নিযুক্ত করা হয় আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে। সবমিলিয়ে গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ফের ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে।
প্রথম ম্যাচে এটিকে-কেরল ব্লাস্টার্সের লড়াইয়ের পর দ্বিতীয় ম্যাচে দেখা যাবে গতবার ফাইনালের রিপ্লে। ৩০ সেপ্টেম্বর কান্তিরাভায় মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি।
এটিকে-র গ্রুপ পর্বের সূচি:
২৯ সেপ্টেম্বর কেরল ব্লাস্টার্স যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
৪ অক্টোবর নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
১৭ অক্টোবর দিল্লি ডায়ানামোস জওহরলাল নেহরু স্টেডিয়াম, দিল্লি
২১ অক্টোবর জামশেদপুর এফসি জেআরডি স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর
২৬ অক্টোবর চেন্নাইয়িন এফসি যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
৩১ অক্টোবর বেঙ্গালুরু এফসি শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু
১০ নভেম্বর এফসি পুনে সিটি যুবভারতী ক্রীড়াঙ্গন,কলকাতা
২৪ নভেম্বর মুম্বই সিটি এফসি মুম্বই ফুটবল এরিনা, মুম্বই
২৮ নভেম্বর এফসি গোয়া যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
২ ডিসেম্বর চেন্নাইয়ান এফসি জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
৮ ডিসেম্বর নর্থ-ইস্ট ইউনাইটেড ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি
১৩ ডিসেম্বর বেঙ্গালুরু এফসি যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা



