
সুশান্ত কুমার দে
পাহাড় ঝোপে ঘেরাটোপে ঐ দেখ, কার পুচ্ছ
লম্বা দাঁড়া দেয় সে সাড়া, কেউ করো না তুচ্ছ?
টানা টানা লম্বা পানা বাঁশের মত কী দেহটা
থাক ঘুমিয়ে চোখ বুঁজিয়ে বিষধর ঐ সাপটা।
হুড়মুড়িয়ে চলনা দূরে অন্য কোন পাহাড়ে
আকাশ ঘেঁষে চাঁদ এসে, আলোকিত বাহারে।
লাল পাহাড়ে যাবি কে, সেথায় থাকে কারা
রাজকুমারী রঙিন শাড়ি, আঁচল টেনেই সাড়া।
লাল পাহাড়ে লাল কুকুরে মানুষ ধরেই খায়
আসবে ছুটি,ধরবেই টুটি- মানুষ খেকো ভাই।
এই পৃথিবীর মস্ত বীর আমাদের সাথে আয়?
চাঁদের দেশে পাহাড় ভাসে চলনা সেথা যাই।
চলতে চলতে ঐ দেখি যে, হাত বাড়ালেই চাঁদ
লাল নীল, কী অনাবিল, মাথার উপরই ছাঁদ।
ভ্রমণকারী আমরাই পারি ঘুরতে পাহাড় দেশে
এক নিমেষে জলে ভেসে সাত সমুদ্রেই ভেসে।
হঠাৎ খোকা, একরোখা পাহাড় দেশেই এসে
মায়ের সনে ভীরু মনে, বলছে কেঁদে হেসে।
কষ্ট কী পাও! স্বপ্নটাও, কখন কি সব ঘটে
বৃথাই ভ্রমণ, পণ্ডশ্রম কোন কিছুই না রটে।



