
সারমিন চৌধুরী
আমার আকাশ জুড়ে শূন্যতা
তোমার আকাশ যে আচ্ছন্ন ঘন নীলে
যেখানে শৃঙ্খলহীন পাখি আনন্দে উড়ে মেঘে
আমার চোখে তখন মেঘহীন মায়া বর্ণিল।
দুরত্বকে ভেদ করে মুক্ত মনে উড়াও ঘুড়ি,
পথিমধ্যে ছুঁয়ে দাও বিকেলের সোনালি রোদ!
অথচ, আমার মন পুড়ে পুরানো স্মৃতিতে ডুবে
নিঃশব্দে জমা অনুভূতি বিলাপ করে মাটিতে
অচিরে জানালার কাঁচে জমে অভিমানী ধুলো।
আচমকা স্বপ্নীল ঘুম ভেঙে যায় সমুদ্রের গর্জনে,
টালমাটাল ঘূর্ণি এসে ছিন্নভিন্ন করে দেয় বুক
এভাবেই দিন যায় আমার টুকরো হৃদয় বুনে।
তুমি লেপ্টে থাক জোছনা রাঙানো অজস্র সুখে
আমার ইচ্ছেরা ছটফট করে আবছা বিষাদে,
একদা সময়ের কাঁটা থেমে যাচ্ছে কাঁপে বুক
তবুও মৃত্যুক্ষণে ভাসে তোমার প্রিয় মুখ।



