ভারত

৪২ বছর রেলে চাকরি করেও ভারতীয় নন তিনি

রূপসী বাংলা ডেস্ক: কিছু দিন আগেও তিনি ভারতের রেলওয়ের কর্মচারী ছিলেন। অবসরের পর সরকারি ফ্ল্যাট ছেড়ে আসামে জমি কিনে দুই ছেলে, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার। ২০১৪ সালে অবসরের পর পেনশনের টাকাও পাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও তিনি ‘ভারতীয়’ নন।

অবসর জীবনে কোনও সমস্যাই ছিল না। নাগরিক পঞ্জির খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর যেন মাথায় বাজ ভেঙে পড়ল নবকুমার রায়ের। যে সরকার তাকে জমি কেনার অনুমতি দিয়েছে, যে সরকার তাকে রেলের চাকরি দিয়েছে, সেই সরকারই এখন তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চাইছে।

দুর্ভাগ্যবশত তার কাছে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে কোনও সরকারি নথি নেই। যে কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারবেন তিনি ‘ভারতীয়’।

নবকুমারের দাবি, কলকাতায় এক দরিদ্র পরিবারে তার জন্ম। জন্মের কোনও নথিপত্র কখনও ছিল কি না তাও মনে নেই। এই শহরে ভাড়া বাড়িতে থাকতেন তারা। পরে জামশেদপুরে কিছু দিন কাটিয়ে চলে গিয়েছিলেন আসামে। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। কলকাতার ভোটার তালিকায় নাম ছিল না। ছিল না জামশেদপুরেও। আসামে থাকতেই রেলে চাকরি পেয়েছেন। সেটা ১৯৭২ সাল। ফলে ১৯৭১ সালের আগে কোনও সরকারি নথি তিনি দেখাতে পারছেন না। সেখানেই যত বিপত্তি।

আনন্দবাজার জানায়, সম্প্রতি আসামে নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। সেই তালিকাতে নাম ছিল না নবকুমার রায়ের। শুধু তিনি নন, তার দুই ছেলেসহ পরিবারের বাকি সদস্যরাও এখন পরিচয়হীন।

নবকুমারের বক্তব্য, ‘শুধুমাত্র একটি সরকারি কাগজই আমাকে আবার ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারে। মায়ের কাছে শুনেছিলাম, কিন্তু মনে নেই কোন সরকারি হাসপাতালে জন্মেছিলাম। একের পর এক হাসপাতাল, খিদিরপুরের যে পাড়ায় থাকতাম, সার্ভে বিল্ডিং— সর্বত্র ঘুরে বেড়িয়েছি। এখনও ১৯৭১ সালের আগে কোনও নথি পাইনি।’

৬৫ বছর বয়সী নবকুমার এখন তার স্ত্রী-পরিবার নিয়ে অথৈ জলে পড়েছেন। তার বক্তব্য, ‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নাগরিক পঞ্জি নিয়ে প্রতিবাদ জনিয়েছিলেন। তিনি নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন। সেই লক্ষ্যেই কলকাতায় এসেছি।’

আসামে বসবাস এবং কর্মজীবন হলেও ১৯৫৪ সালে নবকুমারের জন্ম কলকাতার কোনও এক সরকারি হাসপাতালে। তার দাবি, খিদিরপুরের তারা রামকমল স্ট্রিটের একটি বাড়়িতে ভাড়া থাকতেন। নবকুমারের বয়স যখন মাত্র ছ’মাস, তখন তার বাবা প্রেমানন্দ রায় মারা যান। তারপর থেকেই মামাদের কাছে মানুষ। অভাবের সংসার। তাই চতুর্থ শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছিলেন। ১৯৬৪ সালে মাত্র ১০ বছর বয়সেই কলকাতা ছে়ড়ে চলে যান জামশেদপুরে। সেখান থেকে আসামের বঙ্গাইগাঁও। সেখানে গিয়ে একটি নাইট স্কুলে ভর্তি হয়েছিলেন। যদিও সেখানে পড়াশোনা শেষ হয়নি। সেই নথিও রয়েছে। কিন্তু সেই বেসরকারি নথির কোনও ‘মূল্য’ নেই সরকারের কাছে।

১৯৭২ সালে রেলের চাকরিতে যোগ দেন। তারপর বঙ্গাইগাঁও রেল হাসপাতালের কোয়ার্টারেই (নম্বর ৩০৪বি রুমে) পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তিনি। সরকারি নথি বলতে রেলের সেই নিয়োগপত্র। তা-ও যদি সেটা ১৯৭১-এর হত, তাহলে হয়তো এত ঝক্কি পোহাতে হত না। তবে তা আসামে নাগরিকপঞ্জি তৈরির সময় গ্রাহ্য হয়নি।

দু’দশক আগে মা মারা গেছেন। কলকাতায় অনেক আশা নিয়ে এসেছিলেন নবকুমার। তবে কয়েক দিন প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে কাজ না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যত নিয়েই বঙ্গাইগাঁও ফিরে যাচ্ছেন ওই দম্পতি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension