
কুলসুম বিবি
সুখ পেতে শহরের পানে বারবার
জীবনের খুঁজে এসে সব ছারখার।
শহুরে জীবন বড় বিচিত্র রূপ
কারো মুখে হাসি আর কারো মুখ চুপ।
শহরটা কেড়ে নিলো মানুষের মন
স্বার্থের টানে ভুলে,কে আপন জন।
মাটির পরশ ভুলে গড়ে বহু তলা
মেশিনের মত যেন মানুষের চলা।
অনাহারে কত শিশু পথে আছে পড়ে
সুশীল সমাজ দেখে চোখ বাঁকা করে।
সুখ পাখি সুখ ভুলে করে কারাবাস
হাঁটাচলা ঠিক তবু জীবন্ত লাশ।
বড় বড় দালানের ভিড়ে চাঁপা পড়ে
জীবনের নির্মল সুখ যায় ঝরে।
শহুরে বায়ুতে নাইতো সুখের রেশ
সোনার জীবন করে তিলে তিলে শেষ।
কতো সাজানো স্বপ্ন নিরবে হারায়
ইট পাথরের নিচে চাঁপা পড়ে, হায়!
মানবতা হারিয়েছে স্বার্থের ভিড়ে
দুনিয়াটা এঁটে গেছে চারকোণা নীড়ে।



