
অভিমানগুলোকে জমিয়ে
রেখেছিস বুঝি?
নৈকট্য থেকে দূরত্বে গড়েছিস নীড়?
স্বপ্নের বসুধাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে
ফেললে বাম অলিন্দ্য বরাবর,
সে-ই তো ভেঙে যাওয়া।
মনে পড়ে?
সেই জোনাক জ্বলা সন্ধ্যা চাঁদের জলকেলি,
জোছনার ভরাডুবী, টুকরো টুকরো চাঁদের কণা।
বাহিরে একান্নপিঠ সতী
আর জলাঙ্গীর ঢেউ ঠেলে
হাতড়ে এলাম নিদাঘ পেরিয়ে
এ-ই আমি।
অসহ্য রকমের ভালো লাগা
আমি চোখ মেলে দেখলাম
চোখ আমার ক্লান্ত হলো না।
তখনো শুক্র গ্রহ জাগে নাই
চোরা স্রোতের বালিয়াড়ি ভেসে আসা।
তারপর…
এক করালবদনা ধ্বনি,
যেন পূর্ণিমাতেও কাল বোশেখীর ঝড়
আমি ভেঙে হলাম চুরমার।
সেই থেকে আজও…
মনখারাপের সন্ধ্যেগুলোয়
তোর কথাই ভাবে।
উদাস মনে তুই যে আসিস
শ্রাবণ ঘন রাতে।



