
রওশন মতিন
এই মাটি আমাকে দিয়েছে জীবনের যত গান,
বাতাসে রৌদ্রের ঝিলিমিলি, প্রজাপতি হয়ে
ফুটন্ত গোলাপের চোখে কতকিছু দেখলাম
তোমার শরীর-মন, যা কিছু যৌবন,
সময়ের দোলনায় কত ঋতুর পরিক্রমণ,
এই মাটির কাছে এসে হাতে হাত রেখে বললাম:
টেকনাফ থেকে তেঁতুলিয়া পদ্মা-মেঘনার চরে
আমার শরীর মিশায়ে দিয়েছি তোমার মাটির সাথে,
সূর্যের বর্ণালী ভালোবাসা মেখে, প্রেরণার শপথে
বৃষ্টির কান্নায় ভিজে ভিজে কত পথ, কত দূর হাঁটলাম।
তোমাকে বাঁধলাম আমার কন্ঠ হারের অলংকারে,
এ বাহুর বাঁধনে তোমাকে জড়ালাম প্রেম-লতার মতো
রুমালের অম্লান স্মৃতিলেখা মুছবে না কখনোই—
যতই সংগীন গর্জাক, ছিঁড়ে নিক হৃদপিন্ডের স্পন্দন,
জীবনের সংকটে তোমাকে ভুলব না কখনোই,
মায়ের দুধের মতো ঋণী আমি এ মাটির কাছে,
এ মাটির সাথে গাঁথা ভালোবাসা, প্রিয় প্রেম-বন্ধন।



