
তাহমিদ হাসান
শুয়ে আছি অন্ধকার ঘরে
অবশ্য আঁধারেরও আছে এক নিজস্ব প্রতিভা
সব আলো শুষে নিয়ে জমা করে জামার পকেটে।
কেহ কি প্রতীক্ষা করে জানালার পাশে
কারও কি আসবার কথা ছিল গোপন গুহায়
আমি কি ঘুমিয়ে আছি নাকি রাত কেটে গেলো জেগে?
চেয়ে দেখি একিলিস দাঁড়ায়ে রয়েছে
পাশে আছে নিদারুণ অভিশপ্ত অন্ধ ঈদিপাস
আর একজন আছে অবিকল আমার মতন।
কি কথা বলতে চায় সকলে আমায়
‘আমাদের স্পর্শ করে না আপন মৃত্যুর শোক’—
এই কথা বলে গেলো রাতের আঁধার।
পৃথিবীর পুঞ্জিভূত পরিতাপে পুড়ছে কবিতা
অথচ আমার মনে মৃত্যুর মতন এক মায়াবী মৌনতা।



