
শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে থাকবে মহানগর আওয়ামী লীগ:জাকারিয়া চৌধুরী
রূপসী বাংলা ডেস্ক: ‘নিউইয়র্কে শেখ হাসিনার পাশে ভ্যানগার্ড হিসেবে অবস্থান করবে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা’-এ তথ্য জানিয়ে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে জননেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রস্টা সজীব ওয়াজেদ জয়ের ইমেজ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দহরম-মহরম দেখা যাচ্ছে। এ দু’জনের ব্যাপারেও তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থাকার প্রয়োজন রয়েছে।’
বিএনপি-যুবদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্কে শেখ হাসিনা বিরোধী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা সুশৃঙ্খলভাবে রুখে দেয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান নেতৃবৃন্দ। জাকারিয়া বলেন, ‘পুলিশ প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে কাল পতাকা দেখানোর নামে যদি কোন ধরনের অশালিন-অসভ্য আচরণের ঔদ্ধত্ব দেখানো হয়, তাহলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে প্রচলিত আইনেই।’
৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাকারিয়া চৌধুরী বলেন, ‘২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসবেন। জেএফকে এয়ারপোর্টে তাকে বিপুল অভ্যর্থনা জ্ঞাপনের প্রস্তুতি চলছে। জাতিসংঘে ভাষণ দানের সময় বাইরে শান্তি সমাবেশ করা হবে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে। এ ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি চলছে।’ ‘তবে দলের পদ-পদবি দেখিয়ে বছরের ৯ মাসই ঢাকায় অবস্থানকারি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মাঝেমধ্যে নিউইয়র্কে ফিরে দলের হাই কমান্ডের নাম ভাঙ্গিয়ে ত্যাগী নেতা-কর্মীদের বিষিয়ে তোলে আখের গোছাতে চান। সভাপতি শেখ হাসিনার আগমণকে ঘিরেও একই পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়েছে’-অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে। এ বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু। উল্লেখ্য, সংবাদ সম্মেলন ভন্ডুল করার জন্যে ইমদাদ চৌধুরী কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মহড়া শুরু করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঐ স্থান ত্যাগ করেন বলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়েছে যে, ‘পদ-পদবি নিয়ে বাংলাদেশে অবস্থান করে এরা দু’জন তদ্বির বাণিজ্যে লিপ্ত থেকে প্রকারান্তরে তারা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছেন।’
লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়েছে, ‘শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু পরিবারের ইমেজ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত নিউইয়র্কের দুটি গণমাধ্যমকে অবলম্বন করে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে।’
সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরী এবং একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত আল বদর মীর কাশেমের অর্থায়নে পরিচালিত মিডিয়া-প্রেমিক হিসেবে ড. সিদ্দিকুর রহমান ও ইমদাদ চৌধুরীর বিস্তারিত তথ্য ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক সফরের সময় তাকেও বিস্তারিত ডক্যুমেন্টসহ অবহিত করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ উল্লেখ করেন। একইসাথে তারা বলেন, ৭ বছর আগে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনের আবেদনও জানানো হবে সভাপতি শেখ হাসিনার কাছে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতা-কর্মীর নেতৃত্বে এ ৩টি কমিটি হলেই নিউইয়র্ক যে আওয়ামী লীগের ঘাঁটি তা আবারো জাগ্রত হবে।
জাকারিয়া বিশেষভাবে উল্লেখ করেন, সামনের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ে মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ইতিমধ্যেই নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করেছেন। চ’ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর অনেকেই বাংলাদেশে যাবেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া, সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, আবুল হোসেন, মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, সুব্রত তালুকদার, মাহফুজুল হায়দার, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, আব্দুৃল মতিন পারভেজ, আব্দুল মুহিত, লিয়াকত হোসেন, এম এম জিন্নাহ প্রমুখ। পর্যবেক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, ওয়ালি হোসেন প্রমুখ।





