
অর্থ লেনদেন বিতর্কে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ
অর্থ লেনদেন ও স্বার্থের সংঘাত নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর দ্য হিমালয়ান টাইমস’র।
সুদান গুরুং বলেন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে বহাল থাকলে যেন কোনো স্বার্থের সংঘাত তৈরি না হয়, সে কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
তিনি আরও বলেন, আমার কাছে পদ নয়, নৈতিকতাই বড়। আর জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই।
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টার মাইক্রো ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে তার শেয়ার বিনিয়োগ। ওই প্রতিষ্ঠানে অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত দীপক ভাট্টা এবং ব্যবসায়ী সুলভ আগারওয়ালও অংশীদার হিসেবে রয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রাথমিক শেয়ার তালিকায় গুরুংয়ের নাম ৪৯ নম্বরে রয়েছে। সেখানে তার বিনিয়োগের পরিমাণ ২৫ লাখ রুপি।
তার বিরুদ্ধে সরকারি সম্পদ বিবরণীতে এসব শেয়ার উল্লেখ না করার অভিযোগও ওঠে। তবে গুরুং দাবি করেন, তার ২ কোটি রুপির বেশি শেয়ার বিনিয়োগ মন্ত্রিপরিষদ ওয়েবসাইটে সম্পদ বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ আছে।
তিনি জানান, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর লিখিত চুক্তির মাধ্যমে ঋণ নিয়ে এ বিনিয়োগ করা হয়েছিল এবং সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন হয়েছে।
তবে ব্যাখ্যা দেওয়ার পরও চাপ বাড়তে থাকে। নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট এন্ড লেনিনিস্ট) বিরোধী দলগুলো তার পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবি জানায়।
সম্প্রতি গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতৃত্বাধীন সরকারের জন্য এটি নতুন আরেকটি বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।



