
টিটো মোস্তাফিজ
ঘ্যাঙর ঘ্যাঙে বৃষ্টিতে ডাকবাংলোর সামনে
রাস্তায় পানি জমে জমে হাঁটু ছুঁতে চায়।
মুক্তির মোড় থেকে সি অফিস পর্যন্ত
সড়কের উপরে লাখো জলবৃত্তের খেলা।
ঢেউ তুলে যাওয়া অটোরিকশাগুলো
নৌ-শুমারির খাতায় উঠাবে কি না
ভাবছে কলেজ পড়ুয়া ছেলেটি।
গাড়ি বারান্দার ওপাশে
একফালি ঘাসের বাগান
স্বচ্ছ জলে টইটম্বুর।
যখন চট্টগ্রাম বানের পানিতে ডুবছে,
তখন ফেসবুক বিশ্বকাপে প্লাবিত।
আর আমি যুতসই শব্দ হাতড়ে বেড়াচ্ছি
একটি সুন্দর কবিতা লেখার জন্য।



