
মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে ইরান ও ইরাক
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিভক্ত করার ‘শত্রুদের’ প্রচেষ্টা ইরান ও ইরাকের সম্পর্ক আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
ইরাকের কারবালা শহরে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার এ কথা বলেন বলে জানায় মিডেল ইস্ট আই।
ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও অভিন্ন ধর্মীয় বিশ্বাস ইরান ও ইরাককে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে বলে জানিয়েছেন গালিবাফ। তিনি আরো বলেন, দুই দেশই তাদের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না।
তিনি ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তার মতে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা শক্তিশালী করা এবং অঞ্চলে বাইরের শক্তির প্রভাব কমাতে দুই দেশের যৌথ প্রকল্প গ্রহণ করা উচিত।



