আন্তর্জাতিকপ্রধান খবর

অস্ট্রেলিয়ায় স্তন্যপায়ী প্রাণীর শরীরে প্রথমবার এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একটি স্তন্যপায়ী প্রাণীর শরীরে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের বিচপোর্ট উপকূলে একটি লং-নোজড ফার সিলের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়ায় জুনে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই উচ্চমাত্রার সংক্রামক বার্ড ফ্লুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি মাসে দেশটিতে প্রথমবারের মতো বিপুলসংখ্যক সামুদ্রিক পাখি মারা যাওয়ার ঘটনাও রেকর্ড করা হয়। পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে প্রথম শনাক্ত হওয়ার পর ভাইরাসটি ধীরে ধীরে দেশটির বিভিন্ন বন্যপ্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণে বিচপোর্ট উপকূলে সিলটির মৃতদেহ পাওয়া যায়। প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

ফেডারেল কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, সিলটির মৃত্যু অন্য কোনো অসুস্থ বা মৃত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না। তবে প্রাকৃতিক পরিবেশে এইচ৫এন১ ছড়িয়ে পড়লে ব্যাপক প্রাণহানি এড়ানো কঠিন।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পানিতে আনুমানিক এক লাখ ফার সিল রয়েছে। রাজ্যটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা স্কাই ফ্রুয়ান বলেন, উপকূলের পাথুরে এলাকায় বন্য পাখির খুব কাছাকাছি বসবাস করায় সিলগুলো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, বন্য পাখির সংস্পর্শে থাকার কারণে সিলগুলো তাদের পরিবেশে ভাইরাসের উচ্চমাত্রার উপস্থিতির মুখোমুখি হতে পারে।

অস্ট্রেলিয়ায় এর আগে পোলট্রি বা কৃষি খাতে এইচ৫এন১ শনাক্ত হয়নি। দেশটির ফেডারেল সরকার জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশজুড়ে বার্ড ফ্লুর ২৯৭টি সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিশ্বজুড়ে বন্য পাখি থেকে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এইচ৫এন১ ছড়িয়ে পড়ার ঘটনা বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ভাইরাসটি নতুন প্রাণী প্রজাতিতে অভিযোজিত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension