আন্তর্জাতিক

ন্যাটোতে হামলার আশঙ্কার খবর ভিত্তিহীন, দাবি ক্রেমলিনের

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সাম্প্রতিক মস্কো সফরকে ঘিরে ন্যাটোতে সম্ভাব্য রুশ হামলার যে আশঙ্কার খবর প্রকাশিত হয়েছে, তা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার দাবি, এসব প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন এবং কেবল ভয় ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হচ্ছে। খবর এনডিটিভির।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, র‍্যাটক্লিফ চলতি সপ্তাহে মস্কো সফর করেন রাশিয়াকে সতর্ক করতে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে ন্যাটোর কোনো সদস্যদেশের বিরুদ্ধে সীমিত পরিসরের সামরিক অভিযান চালিয়ে জোটটির প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, সম্ভাব্য এমন পদক্ষেপ সরাসরি বড় ধরনের সামরিক হামলা নাও হতে পারে। এর মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে সীমিত স্থল অভিযানও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, র‍্যাটক্লিফ মস্কো সফরের সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নয়। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাটক্লিফের সফরকে ‘আধা-নিয়মিত’ বলে উল্লেখ করেন। পরে তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেন, ‘এ সফর থেকে কিছু ফল আসতে পারে। আমরা যুদ্ধ শেষ করতে কঠোর পরিশ্রম করছি এবং সত্যি বলতে এখন উভয় পক্ষই যুদ্ধের অবসান চায়।’

ট্রাম্প ন্যাটোর ওপর রুশ হামলার সম্ভাবনাকেও গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। তিনি ন্যাটোর কোনো ভূখণ্ডে হামলা করবেন না।’

তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে পেসকভ সেগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে এ ধরনের অনেক ভয় ছড়ানোর গল্প প্রকাশ করা হচ্ছে। অবশ্যই এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

র‍্যাটক্লিফের এই সফরকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension