খেলা

লেস্টার ছাড়ছেন হামজা, ফিরছেন শেফিল্ডে

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটি থেকে শেফিল্ডে ফেরার চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য স্টার।

শেফিল্ডের রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় তার বিকল্প খুঁজতে শুরু করে ক্লাবটি। সেই সূত্রেই হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় তারা। আজ মেডিকেল পরীক্ষা দিতে পারে হামজা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তি সম্পন্ন হতে পারে।

অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডে আগেও খেলেছিলেন হামজা। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ব্রামল লেনে ১৯ ম্যাচ খেলেছিলেন তিনি, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। দলটির হয়ে প্লে-অফ ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার তাকে স্থায়ীভাবে ফেরানোর পরিকল্পনা করছে ক্লাবটি।

লেস্টারের সঙ্গে হামজার চুক্তি থাকলেও টানা দুই মৌসুম অবনমনের পর আর্থিক চাপ কমাতে তার বেতন থেকে মুক্তি পেতে চাচ্ছে ক্লাবটি। সে সুযোগেই প্রায় বিনা ট্রান্সফার ফিতে হামজাকে পাওয়ার পথে এগিয়েছে শেফিল্ড।

শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও পুরোনো। ওয়াটফোর্ড ও শেফিল্ড, দুই ক্লাবেই ওয়াইল্ডারের অধীনে খেলেছেন এই মিডফিল্ডার। হামজার জয়ের মানসিকতার প্রশংসা করে ওয়াইল্ডার আগে বলেছিলেন, তার মধ্যে সফল হওয়ার অভিজ্ঞতা এবং দলকে লড়াইয়ে ফেরানোর সক্ষমতা রয়েছে।

হামজাকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেও দেখছে শেফিল্ড। আগামী গ্রীষ্মে জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের চুক্তি শেষ হবে। এ ছাড়া কালভিন ফিলিপস ধারে খেলছেন। ফলে মাঝমাঠে দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবেও হামজাকে দলে রাখতে চায় ব্লেডরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension