
গ্রেপ্তার নারীর ছবি ছড়াতেই এক প্রশ্ন—‘এটা কি জেনিফার লোপেজ?’
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। তবে চুরির অভিযোগের কারণে নয়, তার গ্রেপ্তারের ছবি ছড়িয়ে পড়েছে মূলত চেহারার মিলের কারণে।
অনেকেই ছবিতে তাকে পপ তারকা জেনিফার লোপেজের মতো দেখতে বলে মন্তব্য করেছেন।
৩৫ বছর বয়সী ওই নারীর নাম সাইরেনা অ্যান কুয়াস্ট। গত ৩০ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, মিনেসোটার মন্টিসেলোর একটি দোকান থেকে তিনি পাওয়ার টুলের ব্যাটারির দুটি প্যাকেট চুরি করেন।
এসব ব্যাটারির মোট দাম প্রায় ৫৮০ মার্কিন ডলার। দ্য ওয়াচ এমএন-এর হাতে আসা একটি ফৌজদারি অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, চুরির ঘটনার দুই দিন আগে একই দোকানে আরেকটি কথিত চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে কুয়াস্ট জড়িত ছিলেন বলে দোকানের এক কর্মী তাকে শনাক্ত করেন।
পরে ওই কর্মী বিষয়টি পুলিশকে জানান। পুলিশের কাছে কুয়াস্ট ব্যাটারির প্যাকেট নেওয়ার কথা স্বীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর অপরাধের পর্যায়ের ছোটখাটো চুরির অভিযোগ আনা হয়। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পরের দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কুয়াস্টের গ্রেপ্তারের ঘটনা আলোচনায় আসে মূলত অন্য কারণে।
রাইট কাউন্টি শেরিফের দপ্তরে তোলা তার গ্রেপ্তারের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার চেহারার সঙ্গে জেনিফার লোপেজের মিল খুঁজে পান। এরপর ছবিটি নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা ও রসিকতা। অনেকে মন্তব্য করেন, ছবিতে কুয়াস্টকে লোপেজের মতোই দেখতে লাগছে। কেউ কেউ লোপেজের গান ও তার জনপ্রিয়তাকে ঘিরেও মজা করেন।
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, তিনি প্রথমে ছবিটি দেখে সত্যিই ভেবেছিলেন, সেটি জেনিফার লোপেজের গ্রেপ্তারের ছবি। আরেকজন মজা করে ডিএনএ পরীক্ষা করার পরামর্শ দেন। তার মন্তব্য ছিল, কুয়াস্ট যদি লোপেজ না হন, তাহলে তার চেহারার এই মিলকে কাজে লাগিয়ে লোপেজের মতো সাজে কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব। আরেক ব্যবহারকারী বলেন, কুয়াস্টের চেহারার সঙ্গে লোপেজের মিল এতটাই বেশি যে, তিনি চাইলে লোপেজের নকল শিল্পী বা লুকঅ্যালাইক হিসেবে কাজ করতে পারতেন। কুয়াস্টের আগের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর মন্তব্যেও তার অনলাইন পরিচিতদের কেউ কেউ তাকে জেনিফার লোপেজের মতো দেখতে বলে মন্তব্য করেছেন।
তবে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ৩০ আগস্টের গ্রেপ্তার কুয়াস্টের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি হওয়ার প্রথম ঘটনা নয়। এর আগে মাদক রাখার অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, পুলিশের কাছ থেকে পালানো এবং মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের আরও কয়েকটি অভিযোগ রয়েছে।



